Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / গণমাধ্যমের পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: তথ্যমন্ত্রী

2026-02-21  Surjalok Desk  115 views
img-2594.jpeg


সূর্যালোক ডেস্ক:

সাংবাদিকদের যেকোনো সমস্যা সাংবাদিকতার নিজস্ব পরিসরের মধ্যেই সমাধান হওয়া উচিত। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা এবং এই পেশা সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই নিষ্পত্তি হওয়া প্রয়োজন। অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। 

গণমাধ্যম ও সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে দায়িত্ব পালনের পথে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তা সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। 

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও প্রস্তুতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। সাম্প্রতিক জাতীয় নির্বাচন থেকে সরকার ও প্রশাসন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভবিষ্যতে সব সময় নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য। নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা আরও দৃঢ় করাই সরকারের অগ্রাধিকার। 

অনুষ্ঠানের শেষে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অবদান রাখা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


Share: