Surjalok News

Header
collapse
Home / জাতীয় / আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

2026-04-09  Surjalok Desk  68 views
img-3621.png

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী–এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম এবং সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়। তারা পলাতক রয়েছেন।

মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়, যার মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার আছেন এবং বাকি ২৪ জন পলাতক। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ–সহ শিক্ষক, কর্মকর্তা, পুলিশ সদস্য ও ছাত্রসংগঠনের নেতারা রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। পরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। গত বছরের আগস্টে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়।


Share: