Surjalok News

Header
collapse
Home / জাতীয় / মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

2026-02-22  Surjalok Desk  148 views
61509415-712b-48bd-9568-88afd4c43556.jpeg

মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখার সুযোগ নেই। তিনি মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃতির কারণে তরুণ প্রজন্ম সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, অসীম ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি—এ বিষয়টি সর্বদা স্মরণে রাখতে হবে।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share: