
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ১২ মার্চ অথবা তার দু-এক দিন আগে সংসদের প্রথম বৈঠক বসার সম্ভাবনা রয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন এবং শোক প্রস্তাব তোলার কথাও জানান তিনি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি এবং বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী।
এদিকে নতুন সংসদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।