
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেছেন, নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে। আমরা এ দেশের নাগরিক, রাষ্ট্র হবে আমাদের সঙ্গী, ভয়ের কিছু নেই। কিছু ধর্ম ভিত্তিক দল আপনাদের পদে পদে প্রতিবন্ধকতা তৈরী করবে। ৭১’র আমরা তাদের ভূমিকা দেখেছি। ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানী হয়েছে। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ না।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। সততা ছিল বলে পারছি। না হলে পারতাম না। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো এবং তাকে দেশ পরিচালনা করার সুযোগ করে দিবো।
তিনি রবিবার (১৮ জানুয়ারী) দুপুরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়শিঙ্গা গ্রামে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে ওই এলাকার সনাতন সম্প্রদায় কর্তৃক আয়োজিত প্রার্থনা সভা ও সনাতন সম্প্রদায়ের নারী পুরুষদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ এর আমলে আমাদের হিন্দু বাড়ীতে যুবলীগ, ছাত্র লীগ হামলা করে, তখন উপজেলা চেয়ারম্যান ওই হামলার সাথে জড়িত ছিল। এই ঘটনা যখন আমি সরাসরি জনসম্মুখে নিয়ে আসি তখনই আমার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করে আমাকে গ্রেফতার করা হয়। আজ তারা পালিয়ে গিয়েছে।

এখন এই নির্বাচনে আমাদের সকলকে অংশ নিতে হবে। এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশ রক্ষার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্য রক্ষা করা, দেশের সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি ও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, আরো কিছু নব্য রাজনৈতিক দল। যাদের সত্যিকার অর্থে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নাই। সেই জায়গায় বিএনপি তিন বার রাষ্ট্র পরিচালনা করেছে।
আমাদের বিবেচনা করতে হবে বিএনপি কোন দল। আমাদের হিন্দু সম্প্রদায়ের মা, ভাই, বোনরা যেন কোন ভাবে হয়রানি না হয়, আমাদের যাতে এই ভিটা মাটি ছেড়ে অন্য কোন দেশে পাড়ি জমাতে না হয় সেই নিরাপত্তা বিধান নিশ্চিতে কাজ করতে হবে। । তিনি বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা ও অংশ গ্রহনকারী দল। এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ও নীতি নির্ধারণী পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের অনেক নেতা দায়িত্ব পালন করছেন। তাই অসাম্প্রদায়িক চেতনার দল বিএনপিকে আমাদের কাছে টানতে হবে।।