
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে সম্পন্ন হলো নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী সংবাদকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
০২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৩ টায় সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুজন।
তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) ও এনটিভি স্টাফ রিপোটার ঠাকুরগাঁও মোঃ লুৎফর রহমান মিঠু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। বিশেষ করে নির্বাচনের সময় ভুয়া তথ্য, অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যেন জনমনে বিভ্রান্তি তৈরি করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল লতিফ, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি ফাতেমা তুজ ছোগড়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাই টিভি জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম রোহান।
দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণে নির্বাচনের ময়দানে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুরুত্ব পায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত নীতিমালা।
এছাড়া বর্তমান সময়ের আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এ-আই )-এর ব্যবহার এবং এর মাধ্যমে ছড়ানো অপপ্রচার মোকাবিলার কৌশল নিয়েও হাতে-কলমে ধারণা দেওয়া হয়। নির্বাচনের সময় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এই প্রশিক্ষণ কর্মশালায় ঠাকুরগাঁও জেলা বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
সমাপনী বক্তব্যে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আরও বেশি দক্ষ ও সচেতন করে তুলবে।