
নওগাঁর মহাদেবপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পাটকাঠি শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত ব্যক্তি একই গ্রামের রমেসের ছেলে সামন্ত।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পথে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পরে স্থানীয়রা ভ্যানে থাকা আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক আহত হন।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।