Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / যে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা; ভাঙছে ৫৪ বছরের অনীহা

যে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা; ভাঙছে ৫৪ বছরের অনীহা

2026-02-11  Surjalok Desk  152 views
img-2087.jpeg


চাঁদপুর জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতিমধ্যে সারাদেশে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ৩০০ আসনেই ভোটার উপস্থিতি বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর মধ্যে ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়েছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে।

এই আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে প্রায় ৫৪ বছর ধরে অধিকাংশ নারী ভোট দিতে কেন্দ্রে যান না। স্থানীয়ভাবে একটি পীরের নির্দেশনা মেনে সত্তরের দশক থেকে এ প্রবণতা চলে আসছে। মাঝে মাঝে অল্পসংখ্যক নারী ভোট দিলেও তা ছিল নগণ্য। তবে এবার জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সেই দীর্ঘদিনের প্রথা ভাঙার চেষ্টা চলছে।

নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ইউনিয়নের ৮টি কেন্দ্রেই রাখা হয়েছে পর্দা মেনে ভোট দেওয়ার ব্যবস্থা। পাশাপাশি সহকারী প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেবল নারী কর্মকর্তা-কর্মচারী। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার-ভিডিপির নারী সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতিটি কেন্দ্র তদারকিতে থাকবেন একজন করে নারী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটারদের জন্য ২০টি বুথ প্রস্তুত করা হয়েছে, যেখানে মোট ১০ হাজার ২৯৯ জন নারী ভোটার ভোট দিতে পারবেন। প্রার্থীদেরও এসব বুথে নারী পোলিং এজেন্ট নিয়োগ দিতে অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের আশা, নিরাপদ পরিবেশ ও পর্দার ব্যবস্থা থাকায় এবার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগে কেন্দ্রে আসবেন।


Share: