
জুলাই গণ-অভ্যুত্থানে জাতির অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগকে যথাযথভাবে মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া প্রয়োজন।
এ সময় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তারেক রহমান উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে বিএনপির বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথাও তুলে ধরেন।
‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটের অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে এনে যেমন আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো শহীদের আত্মত্যাগকে সম্মান জানানো যাবে, তেমনি জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করা হয়েছে সেটিকেও সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে সিল দেওয়ার পাশাপাশি যে দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’ ও ‘না’ থাকবে, সেখানে সবাই যেন ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেন।