
ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে জেলার দুইটি সংসদীয় আসনের ২৩৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনে প্রায় ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ১৪৫ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ১ হাজার ৮৭৭জন।
সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণও লক্ষ্য করা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।

এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ঝালকাঠি-১ আসনে ১০ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল এবং জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হকের মধ্যে। তারা দুজনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
অন্যদিকে ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিমের মধ্যে। তবে এর পাশাপাশি ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজীও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।