
ঝালকাঠির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর উদ্যোগে একই দিনে দুটি পৃথক মানবিক ও সামাজিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ রমজান, ১৮ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দঘন ‘মেহেদী উৎসব’ এবং সংগঠনের সদস্যদের নিয়ে ‘সৌহার্দ্য সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নের আবাসন এলাকার একটি দুর্গম স্থানে ‘মেহেদী উৎসব’ আয়োজন করে সংগঠনটি। সেখানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর দুই হাত মেহেদির আলপনায় রাঙিয়ে দেওয়া হয়। ঈদের আগে নতুন মেহেদির সাজে সজ্জিত হতে পেরে শিশুদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দোলন আক্তার এবং সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, সদস্য বিথী শর্মা বণিক। শিশুদের হাত রাঙাতে বিশেষ ভূমিকা পালন করেন ইয়াসের সদস্য চম্পা খানম, অযুফা আক্তার, তানজি, মৌলি, মোহনা, নাফিয়া ইসলাম, সোনালি, তামান্না, হাফসা, যুথি, সিমান্ত, মোহেবুল্লাহ, তালহা, মেহেদী আকাশ, সাকিব, জুরাত ও লাবিবসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

মেহেদী উৎসব শেষে বিকেলে শহরের সিটি রিভারভিউ পার্কে আয়োজিত হয় ‘সৌহার্দ্য সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল’। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক এস. এম. মাহমুদুর রহমান পারভেজ, উপদেষ্টা দিবস তালুকদার, অক্সিজেন ব্লাড ব্যাংকের সভাপতি আরিফুর রহমান রায়হান । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইয়াস সদস্য মোহেব্বুল্লাহ।
আয়োজন সম্পর্কে ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন বলেন, “শিশুদের মানসিক বিকাশ ও ঈদে বাড়তি আনন্দ যোগ করতে আমরা প্রতিবছরই মেহেদী উৎসবের আয়োজন করি। একই সাথে সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়েছে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে ইয়াস সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পুরো আয়োজনে ইয়াসের সভাপতি আবির হোসেন রানা ও সহ-সভাপতি শাকিল হাওলাদার রনির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘তরুণদের হাতে গড়ব দেশ, আমার সোনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইয়াস দীর্ঘ ছয় বছর ধরে ঝালকাঠিতে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।