
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বযলুর রহমান হক্কোননূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়।
উপজেলার ১৭৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে নির্বাচিত ৫২০ শিক্ষার্থীর মধ্য থেকে প্রতি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ১৫ জন করে মোট ১৮০ জনকে বৃত্তি প্রদান করা হয়।
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন।
প্রথম স্থান অধিকারীরা ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীরা ৪ হাজার ৫০০ টাকা, তৃতীয় স্থান অধিকারীরা ২ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য নির্বাচিত শিক্ষার্থীরা ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি ও সনদপত্র পায়।
বযলুর রহমান হক্কোননূরী বৃত্তি প্রদান সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক জি এম কায়কোবাদ মিলন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, বিশিষ্ট শিল্পপতি শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।