Surjalok News

Header
collapse
Home / জাতীয় / নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

2026-01-20  Surjalok Desk  217 views
img-9280.jpeg

প্রধান উপদেষ্টা  অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, আবারও আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তোলেন এবং নির্বাচনের আগে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেসসচিব বলেন, লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে।

বৈঠকে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি রয়েছে।

তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২১ হাজার ৯৪৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

এ জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে প্রতিটিতে কমপক্ষে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। বাকি কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের অর্থায়নে সিসিটিভি স্থাপন করা হবে। এ কার্যক্রম এরই মধ্যে সব জেলায় শুরু হয়েছে এবং জোরেশোরে চলছে।

কয়েকটি জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক কর্মকর্তা নিহত হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, এটা আমাদের আজকে এই বিষয়েও আলাপ হয়েছে। এখানে জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই।

তিনি বলেন, এ ঘটনার পর ওই এলাকায় আরো জোরদারভাবে অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্র হয়ে কম্বাইন্ড অপারেশন হবে।

যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, যত ক্ষমতাবানই হোন না কেন, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া ওই এলাকায় থাকা লুট করা অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে।


Share: